কুমিল্লার বুড়িচং উপজেলার সদর বাজারে ক্লান্ত হয়ে সামান্য বিশ্রাম নেওয়ায় ৬০ বছর বয়সি এক বৃদ্ধ পাহারাদারকে বেধড়ক পিটিয়েছেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে। বর্তমানে আহত পাহারাদার দুলা মিয়া বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত দুলা মিয়া বুড়িচং উপজেলার পূর্বপাড়া এলাকার মৃত সেকান্দর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাতের বেলা বাজার পাহারার কাজ করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাজার পাহারার সময় কিছুটা ক্লান্ত হয়ে এক মোড়ে চেয়ারে বসেছিলেন দুলা মিয়া। এ সময় যুবদল নেতা দেলোয়ার হোসেন এসে তাকে জিজ্ঞাসা করেন, কেন পাহারা না দিয়ে বসে আছেন?
দুলা মিয়া উত্তর দেন, সামান্যক্ষণ আগে বসেছি। এই উত্তরে ক্ষিপ্ত হয়ে দেলোয়ার হাতে থাকা কাঠের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার পিঠ ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে।
হাসপাতালের বেডে শুয়ে দুলা মিয়া সাংবাদিকদের বলেন, তিনি আমাকে কুকুরের মতো পেটাতে থাকেন। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ি। প্রাণ বাঁচাতে তার পায়ে ধরে ক্ষমা চাই। তবুও থামেননি। পরে অন্য পাহারাদাররা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
আহতের ছেলে গিয়াসউদ্দিন বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরেই রাতে পাহারার কাজ করছেন। প্রতিদিনের মতো সেই রাতেও তিনি দায়িত্বে ছিলেন। সকালে লোকমুখে খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি বাবা গুরুতর আহত অবস্থায় শুয়ে আছেন। আমরা এই ঘটনার সঠিক বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেন বলেন, ওই পাহারাদার দায়িত্বে অবহেলা করছিলেন। বাজারে চুরি-ডাকাতি বাড়ছে, অথচ তিনি মোবাইলে ব্যস্ত ছিলেন। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে তাকে মারধর করি। বিষয়টি বাজার কমিটি বসে মীমাংসা করবে।
অন্যদিকে, ভুক্তভোগী পরিবার জানিয়েছে, ঘটনার পর থেকে তারা নানা ধরনের হুমকি-ধমকির মুখে পড়ছেন। এতে তারা চরম আতঙ্কে রয়েছেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, ঘটনার কথা শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাধারণ মানুষ বলছেন, একজন শ্রমজীবী বৃদ্ধ পাহারাদারকে নির্মমভাবে মারধর করা অমানবিক ও নিন্দনীয়। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

Leave a Reply