ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেটের কানাইঘাট লোভাছড়া সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে জামাল উদ্দিন নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার লোভাছড়া সীমান্ত এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল।

নিহত জামাল উদ্দিন (৪৫) কানাইঘাট উপজেলার কান্দলা (বাংলাটিলা) গ্রামের মৃত মকরম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ি থেকে বের হন জামাল উদ্দিন। লোভাছড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে সুপারি চুরি করার সময় খাসিয়াদের গুলিতে তিনি নিহত হন। পরে রাত ১১টার দিকে ভালুকমারা গ্রামের পাশে বাংলাদেশ সীমান্তে তার গুলিবিদ্ধ লাশ দেখে বাংলাদেশ পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ভোরে কানাইঘাট থানায় নিয়ে যায়।

কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল কালবেলাকে বলেন, ভারতের অভ্যন্তরে প্রবেশ করে সুপারি চুরি করতে গেলে জামালকে ভারতীয় খাসিয়ারা গুলি ছুড়লে তিনি নিহত হয়েছেন। পরে তার সঙ্গীয়রা তাকে উদ্ধার করে সীমান্ত পার করে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ভোরে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *