জনপ্রিয় অভিনেতা ও সাংবাদিক হাসান মাসুদ হাসপাতালে ভর্তি

জনপ্রিয় অভিনেতা ও সাংবাদিক হাসান মাসুদ অসুস্থ হয়ে সোমবার (২৭ অক্টোবর) রাতে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানিয়েছেন, হাসান মাসুদ বর্তমানে নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। সাধারণত এ ধরনের রোগীদের ৪৮–৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়।

দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকা হাসান সম্প্রতি আলোচনায় এসেছিলেন অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে করা মন্তব্যের পর। পরবর্তীতে এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি আর অভিনয়ে ফিরতে চান না, বরং একটি স্থায়ী চাকরি খুঁজছেন।

১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন হাসান। ১৯৯২ সালে ক্যাপ্টেন পদ থেকে অবসর নেওয়ার পর তিনি ক্রীড়া সাংবাদিকতা শুরু করেন। ২০০৪–২০০৮ সালে বিবিসি বাংলায় কর্মরত ছিলেন।

সাংবাদিকতা ছাড়ার পর মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে। এরপর তিনি ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমা এবং একের পর এক জনপ্রিয় টেলিভিশন নাটকে কাজ করে দর্শকের মন জয় করেছেন। উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে: হাউসফুল, ট্যাক্সি ড্রাইভার, এফডিসি, বউ, খুনসুটি, গ্র্যাজুয়েট, রঙের দুনিয়া, আমাদের সংসার, গণি সাহেবের শেষ কিছুদিন, বাতাসের ঘর ও প্রভাতী সবুজ সংঘ।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *