ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পথচারী নিহত

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারী নিহত হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন। তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায়ও মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে গিয়েছিল। সেই ঘটনায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় ১১ ঘণ্টা।

বড় সেতু বা উড়ালপথ নির্মাণে বিয়ারিং প্যাড একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি, যা উড়ালপথের কাঠামোর ওপর থেকে আসা চাপ সরাসরি পিলারে না ফেলে মাটিতে সঞ্চারিত করে। বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পেও এই বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়েছে।