রাজারহাটে তিস্তায় সর্বস্বান্ত পরিবারগুলো পেল ত্রাণ ও নগদ সহায়তা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীর ভাঙনে সর্বস্বান্ত হয়ে পড়া চর গতিয়াশাম বগুড়াপাড়া এলাকার ৭৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াশাম এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল ইমরান। তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩ মেট্রিক টনের বেশি চাল, মসুর ডাল, সয়াবিন তেল, লবণ এবং নগদ ১ হাজার ৫০০ টাকা করে প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রসূল রাখি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন, ইউপি সদস্য মো. মামুনুর রশীদ, মো. শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান বলেন, “নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সবসময় রয়েছে উপজেলা প্রশাসন। পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে আমাদের কাছে। স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে নিয়মিত ক্ষতিগ্রস্তদের খোঁজখবর রাখা হচ্ছে। আপনাদের সুখে-দুঃখে আমরা পাশে আছি।”

উল্লেখ্য, কয়েকদিন আগে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে চর গতিয়াশাম এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এসময় ভয়াবহ ভাঙনে ১৬টি পরিবারের ঘরবাড়ি ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এছাড়া ৪টি মসজিদও ভাঙনের কবলে পড়ে। বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ পেলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *