বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকারের আমলে কেন, যখন হাসিনা নেই, আওয়ামী লীগের পুলিশ নেই, ছাত্রলীগ নেই, হেলমেটধারীরা নেই, তাহলে কেন এই এক বছরে প্রায় দ্বিগুণ অপহরণ হয়েছে? কেন এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে? এটা জনগণ জানতে চায়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপির নেতাদের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, আপনাদের (অন্তর্বর্তী সরকার) প্রতি জনগণ এবং রাজনৈতিক দলদের আস্থা আছে। আস্থা থাকার পরেও আপনারা কেন দক্ষতার সঙ্গে, দ্রুততার সঙ্গে, ক্ষিপ্রগতিতে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না? পারছেন না বলেই আজকে বিভিন্ন জায়গায় দোসরদের প্রেতাত্মারা নামার সুযোগ পাচ্ছে এবং বিদেশেও তারা বিভিন্ন ধরনের অপকর্ম করছে।
উল্লেখ্য, বুধবার (২৪ সেপ্টেম্বর) কালের কণ্ঠে ‘অপহরণ এক বছরে দ্বিগুণ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে বলা হয়, দেশে অপহরণসংক্রান্ত অপরাধের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। গত এক বছরে এই হার দ্বিগুণের বেশি। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে অপহরণের শিকার হয়েছে ৭১৫ জন।
গত বছর এই একই সময়ে এই সংখ্যা ছিল ৩৪০।অপহরণের দিক থেকে চলতি বছরের জুলাই মাস রেকর্ড সৃষ্টি করেছে। এই এক মাসে অপহরণের শিকার হয়েছে ১০৯ জন। আর গত আট মাসে গড়ে প্রতিদিন তিনজনের বেশি মানুষ অপহরণের শিকার হয়েছে।
এই চিত্র আইন-শৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতির ইঙ্গিত দেয়।বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের প্রকাশিত মাসিক অপরাধ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করা বিভিন্ন মানবাধিকার সংস্থার পর্যবেক্ষণে সংখ্যাগত কিছু পার্থক্য থাকলেও অপরাধ বৃদ্ধির মোটামুটি একই চিত্র ফুটে উঠেছে।
Leave a Reply