‘এই সময়’কে সাক্ষাৎকার দেননি মির্জা ফখরুল, বিবৃতিতে বিএনপি

ভারতের গণমাধ্যম ‘এই সময়’-এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারকে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বলে আখ্যা দিয়েছে দলটি। আজ বৃহস্পতিবার দলীয় বিবৃতিতে বিএনপি বলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাড. তাইফুল ইসলাম টিপুর পাঠানো ওই বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’কে সাক্ষাৎকার দিয়েছেন বলে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়। ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’ শিরোনামে গতকাল ওই পত্রিকায় তার একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়, যা ডাহা মিথ্যা ও মনগড়া।

সম্প্রতি বিএনপি মহাসচিব কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি বলে বিবৃতিতে জানিয়েছে বিএনপি।

এতে ওরা বলা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কল্পনাপ্রসূত সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে। বানোয়াট এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করা।

বিদেশি বাংলা গণমাধ্যমে প্রকাশিত অসত্য বক্তব্য সম্পর্কে দেশের জনগণ ও দলের নেতা কর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে বিএনপি।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *