নৈশপ্রহরীদের বেঁধে ৬৫ লাখ টাকার ডাকাতির অভিযোগ, গ্রেপ্তার ৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ডিপিডিসি বিদ্যুৎকেন্দ্রে সংঘটিত ৬৫ লাখ টাকার ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান লিটনসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। লুণ্ঠিত বৈদ্যুতিক সরঞ্জাম ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকও উদ্ধার করা হয়েছে।

 

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) র‍্যাব-১১ এর অধিনায়ক (সিইও) লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, গত রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত মুখোশধারী ১৫-২০ জন ডাকাত শ্রমিকদের পোশাক পরে সাবস্টেশনে ঢুকে পড়ে।

তারা প্রথমে সিকিউরিটি গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর কন্ডাক্টর ক্যাবল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার ক্যাবল ও তামার তারসহ প্রায় ৬৫ লাখ টাকার যন্ত্রাংশ ট্রাকে তোলে পালিয়ে যায়।

গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) ঘটনার পর ডিপিডিসির কর্মচারী মো. সেলিম মিয়া ফতুল্লা থানায় মামলা করেন। এরপর র‍্যাব-১১ একাধিক অভিযান পরিচালনা করে গতকাল সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে লিটনসহ ৯ জনকে গ্রেপ্তার করে।

লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘গ্রেপ্তারদের মধ্যে লিটনের নামে ৫টি ডাকাতি, ২টি অস্ত্র ও ১টি মাদক মামলাসহ মোট ৯টি মামলা আছে। রোমানের নামে ৪টি মাদক মামলা এবং সাগর মুন্সির নামে ১টি মামলা রয়েছে।’

তিনি আরো বলেন, ‘তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত খেলনা পিস্তল, চাকু, চাপাতি ও ১২টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। এখনো পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।