মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অনেক দিন ধরেই পর্দা ও জনসমক্ষে অনুপস্থিত। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে জোরালো হয়েছে তার গর্ভধারণের খবর। গুঞ্জন উঠেছে, ক্যাটরিনা ও তার স্বামী অভিনেতা ভিকি কৌশল তাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। যদিও দম্পতি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি।

কয়েক মাস ধরেই ক্যাটরিনা আলোচনার বাইরে। তিনি কোনো সিনেমার শুটিং করছেন না এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তেমন সক্রিয় নন। সম্প্রতি আলিবাগে ঢিলেঢালা পোশাকে তাকে দেখা যাওয়ার পর গুঞ্জন আরও তীব্র হয়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভিকি-ক্যাটরিনার ঘনিষ্ঠ এক সূত্র নিশ্চিত করেছে যে অভিনেত্রী অন্তঃসত্ত্বা এবং তার সন্তান জন্মদানের সম্ভাব্য সময় অক্টোবর বা নভেম্বর ২০২৫। সূত্রটি আরও জানায়, সন্তান জন্মের পর দীর্ঘ মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার পরিকল্পনা করেছেন ক্যাটরিনা, যাতে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন।

তবে ক্যাটরিনার গর্ভধারণের খবর নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার এমন গুজব ছড়িয়েছে। বিশেষ করে ভিকি কৌশলের ‘ব্যাড নিউজ’ (২০২৪) ছবির মুক্তির সময় এ আলোচনা তুঙ্গে ওঠে। তখন হালকা মেজাজে ভিকি বলেছিলেন, “এখন ব্যাড নিউজ উপভোগ করুন, গুড নিউজ এলে আমরা অবশ্যই জানাব।” তার এই মন্তব্য ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে তোলে।

ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ক্রাইম–থ্রিলার ছবি ‘মেরি ক্রিসমাস’–এ। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি। রাধিকা আপ্তে, সঞ্জয় কাপুর ও অদিতি গোভিত্রিকরও ছবিটিতে অভিনয় করেছেন। ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পায়।

এর পর থেকে ক্যাটরিনা নতুন কোনো ছবির ঘোষণা দেননি। তার দীর্ঘ অনুপস্থিতি এবং সাম্প্রতিক গুঞ্জন মিলিয়ে ভক্তরা আরও নিশ্চিত হচ্ছেন যে শিগগিরই সুখবর আসতে চলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ দম্পতির জন্য খুশি প্রকাশ করছেন, আবার কেউ অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *