অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের চাঁদাবাজ ‘স্মার্ট হাসান’ গ্রেফতার

রাজধানীর আগারগাঁও থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ মেহেদী হাসান ওরফে স্মার্ট হাসানকে (৩৮) গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় শেরে বাংলা নগর সেনা ক্যাম্পের একটি টহল দল তাকে গ্রেফতার করে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট সেনা ক্যাম্প জানতে পারে মেহেদী হাসান বিভিন্ন হাসপাতালের অ্যাম্বুলেন্স মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। সংগৃহীত চাঁদার টাকা তিনি পাঠাতেন তার গডফাদার জাহিদ হোসেন মোড়লের কাছে, যিনি বহিষ্কৃত যুবদল নেতা এবং বর্তমানে পলাতক রয়েছে। তাদের দেওয়া সময়ের মধ্যে চাঁদা না দেওয়ায় তার দল কয়েকজন অ্যাম্বুলেন্স মালিককে মারধরও করে। সেই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকেই আত্মগোপনে চলে যান মেহেদী হাসান।

বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা জানান, এই হাসান ওরফে স্মার্ট হাসানের বিরুদ্ধে বহু অভিযোগ ছিল। আমাদের টহল দল তাকে খুঁজে না পেলেও প্রযুক্তির সহায়তায় শেষ পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে সেনাবাহিনী কঠোর অবস্থানে আছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সেনাবাহিনীর ওই কর্মকর্তা আরও জানান, মেহেদী হাসানের বিরুদ্ধে আগে যারা জিডি ও অভিযোগ করেছিলেন, তারা তার গ্রেফতারের খবর পেয়ে ইতোমধ্যে শেরেবাংলা নগর থানায় মামলা করতে গেছেন।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *