ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ৫৯৫

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৫ জন রোগী।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নতুন ভর্তি হওয়া ৫৯৫ জনের মধ্যে বরিশাল বিভাগে ৪৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০১ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৭ জন, খুলনা বিভাগে ৩৩ জন, ময়মনসিংহে ২৬ জন, রাজশাহীতে ২৮ জন, রংপুরে ৪ জন এবং সিলেট বিভাগে ৫ জন রয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ৫৬৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৯৪ হাজার ৪০৩ জন।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৯৬ হাজার ৬২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, আর মোট মৃত্যু হয়েছে ৩৯৪ জনের।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *