আবারও প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ ২৭ নভেম্বর থেকে ফের পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন। এতে ক্লাস ও পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকবেন প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক। শিক্ষক সংগঠনগুলো জানিয়েছে, দাবি না মানা হলে ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশনে যাওয়ারও ঘোষণা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৯ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি ও অন্যান্য দাবি বাস্তবায়নে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় কর্মসূচি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সহকারী শিক্ষকদের দাবিগুলো হলো- সহকারী শিক্ষকদের বেতনস্কেল ১১তম গ্রেডে উন্নীত করা, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা দূর করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষক আছেন তিন লাখ ৮৪ হাজারের বেশি। আর শিক্ষার্থী সংখ্যা প্রায় এক কোটি।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *