যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়িয়ে ১ ট্রিলিয়ন ডলার ঘোষণা সৌদির

যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার করার ঘোষণা দিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

বুধবার (১৯ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় মঙ্গলবার (১৮ নভেম্বর) ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার মনে হয়, আজ বা আগামীকাল আমরা ঘোষণা করতে পারবো যে ৬০০ বিলিয়ন ডলার থেকে বিনিয়োগ বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে যাচ্ছি।’

তিনি আরও জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ বিভিন্ন খাতে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র বহু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করবে, যা দুই দেশের জন্য “বৃহৎ বিনিয়োগ সুযোগ” তৈরি করবে।

ক্রাউন প্রিন্সের ঘোষণা শুনে কিছুটা বিস্ময় প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ‘মানে আপনি বলছেন, ৬০০ বিলিয়ন এখন ১ ট্রিলিয়ন হবে?’

জবাবে সালমান নিশ্চয়তা দিয়ে জানান, ‘অবশ্যই, আজ যে চুক্তিগুলো করছি, সেগুলোই এই বিনিয়োগ বৃদ্ধিকে সহজ করবে।’

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সৌদি বিনিয়োগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

‘আমরা ৬০০ বিলিয়ন নিশ্চিতভাবেই ধরতে পারি, তবে এটি আরও বাড়তে পারে,’ -যোগ করেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনত বান্দার আল সউদ বৈঠকটিকে ‘সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ দিন’ বলে উল্লেখ করেন। তিনি জানান, দুই দেশ কয়েকটি বড় দ্বিপক্ষীয় চুক্তি করেছে, যদিও বিস্তারিত প্রকাশ করেননি।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *