থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবি, বাংলাদেশিসহ উদ্ধার ১০

থাইল্যান্ড-মালয়েশিয়া সমুদ্রসীমার কাছে অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। রোববার (৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ।

ঘটনার তিন দিন পর পর্যন্তও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং একজন রোহিঙ্গা নারীর মরদেহ পাওয়া গেছে।

কর্তৃপক্ষের তথ্য মতে, নৌকাটি মিয়ানমারের বুথিডাং এলাকা থেকে প্রায় ৩০০ জনকে নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করে। সীমান্তবর্তী এলাকায় পৌঁছালে বড় নৌকাটিকে তিনটি ছোট নৌকায় ভাগ করা হয়। প্রতিটি নৌকায় প্রায় ১০০ করে যাত্রী ছিলেন। তবে অন্য দুটি নৌকার অবস্থান সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

উদ্ধার হওয়াদের মধ্যে তিনজনের মিয়ানমারের নাগরিকত্ব রয়েছে, দুজন রোহিঙ্গা এবং একজন বাংলাদেশি পুরুষও আছেন বলে জানিয়েছে কেদাহ পুলিশ। উদ্ধার করা মৃত নারীর পরিচয়ও রোহিঙ্গা বলে নিশ্চিত করা হয়েছে।

রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে মিয়ানমারে নাগরিকত্বহীনতা, নির্যাতন ও সহিংসতার মুখে দেশত্যাগ করে। দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে আশ্রয় ও কাজের সন্ধানে তারা সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ ভ্রমণে বাধ্য হন।

কর্তৃপক্ষ ধারণা করছে, সমুদ্রে আরও ভুক্তভোগী ভাসমান অবস্থায় পাওয়া যেতে পারে। তাই থাইল্যান্ড-মালয়েশিয়া জলসীমায় বৃহৎ পরিসরে অনুসন্ধান পরিচালিত হচ্ছে।