জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হচ্ছেন শিক্ষকরা

সরকার ঘোষিত বাড়িভাড়া ভাতা বাড়ানোর প্রজ্ঞাপনকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ আখ্যা দিয়ে আজ রোববার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এ কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা ঢাকায় সমবেত হচ্ছেন।

এর আগে একই দাবিতে একাধিক মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করলেও কোনো সুরাহা না হওয়ায় এবার সর্বোচ্চ কঠোর অবস্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষকরা।

শিক্ষকদের মূল দাবি-মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান। দাবি পূরণে অনড় অবস্থান জানিয়ে তারা জানিয়েছেন, আজকের কর্মসূচির পর সন্ধ্যার মধ্যে সারাদেশে টানা কর্মবিরতির ঘোষণা আসতে পারে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “আজকের জমায়েত শিক্ষকদের ঐক্যবদ্ধ আন্দোলনের গুরুত্বপূর্ণ ধাপ। সরকারের ঘোষিত বাড়িভাড়া ভাতা আমরা যথেষ্ট ও বাস্তবসম্মত মনে করি না। আমাদের দাবি মানা না হলে টানা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতির পথে যেতে হবে। আজকের জমায়েত সেই প্রস্তুতির সূচনা।”

এর আগে গত ১৩ আগস্ট একই দাবিতে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছিল সংগঠনটি। সে সময় তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বাড়ানোর পাশাপাশি সর্বজনীন বদলি চালুর দাবি জানিয়েছিল। কর্মসূচির অংশ হিসেবে ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং বিভাগীয় শহরে শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর শিক্ষক দিবসে সরকার বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে। তবে সেটিকে ‘অপর্যাপ্ত’ দাবি করে শিক্ষকরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে ক্ষোভ প্রকাশ করে প্রজ্ঞাপনটি প্রত্যাখ্যান করেন।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *