পূজায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

ফেনীতে দুর্গাপূজায় নাশকতার পরিকল্পনার অভিযোগে সুকলভ মজুমদার (৪২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের হীরাপুর গ্রামের অর্জুন মজুমদারের ছেলে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)  রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে ফেনী মডেল থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার সুকলভ মজুমদার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জায়লস্কর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। স্থানীয়দের দাবি, দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনায় তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফেনীর মহিপালে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের গুলিতে ৮ জন নিহত হওয়ার ঘটনায় অর্থ জোগানদাতা হিসেবে তার নাম উঠে আসে। ২০২৩ সালে নিজ ইউনিয়নের সিলোনীয়া বাজারে বিএনপির মিছিলে হামলা চালিয়ে দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে গুরুতর আহত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান সুকলভ মজুমদারের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার বিরুদ্ধে কতগুলো মামলা বা অভিযোগ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *