এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিও’র সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়ায় পূর্ণ সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদের ফাঁকে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়ালার সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে ডব্লিউটিও মহাপরিচালক বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, ব্যাপক উদ্বেগ সত্ত্বেও বিশ্ব বাণিজ্য এখনো স্থিতিশীল রয়েছে এবং এর প্রায় ৭৫ শতাংশ ডব্লিউটিওর নিয়ম দ্বারা পরিচালিত হচ্ছে। এ সময় ড. এনগোজি সংস্থাটির সংস্কার এগিয়ে নিতে বাংলাদেশের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্ব বাণিজ্যের পরিবেশে কার্যকর নেতৃত্ব দিতে ডব্লিউটিওকে অবশ্যই সংস্কার করতে হবে। বাংলাদেশ এ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে প্রস্তুত।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ।

২০২৬ সালের শেষের দিকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এলডিসি থেকে উত্তরণ লাভ করবে বলে আশা করা হচ্ছে।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *