পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে বিষ পান করিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধূ মোছা. আন্নি খাতুন (২১) হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী পরশ মন্ডলকে (২৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোকড়াকুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর রাতে উপজেলার বেগুনিয়া গ্রামে পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে  পরশ নির্যাতন করে মুখে বিষ ঢেলে খাইয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় বাগাতিপাড়া থানায় আন্নির ভাই বাদী হয়ে হত্যা মামলা করেন।

এরপর থেকেই মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও আসামিদের ধরতে মাঠে নামে র‌্যাব।

র‌্যাব জানায়, প্রায় দুই বছর আগে আন্নি খাতুনের সঙ্গে পরশ মন্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পরশ পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন। ঘটনার কয়েকদিন আগে ৮ সেপ্টেম্বর রাতে পরশ তার স্ত্রীকে শয়নকক্ষে আটকে রেখে এলোপাথারি মারধর করেন এবং জোরপূর্বক বিষপান করান বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

পরবর্তীতে অসুস্থ অবস্থায় আন্নিকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে তিনি মারা যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার পরশ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পরবর্তীতে তাকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামিকে জেল হাজতে প্রেরণ করা হবে।’


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *