বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী আজ

ডেক্স রিপোর্ট:

১ সেপ্টেম্বর ২০২৫

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বিএনপির যাত্রা শুরু।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা, ক্রোড়পত্র প্রকাশসহ সপ্তাহব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
দীর্ঘ দেড় যুগ পর অনুকূল পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছে বিএনপি। গত বছরের ৫ই আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রাণ ফিরে পায় দলটি।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ সাড়ে চার দশকেরও বেশি সময়ের রাজনৈতিক পথচলায় বিএনপি কখনো ক্ষমতায় থেকেছে, কখনো আন্দোলনে। বিগত দেড়যুগ রাজপথেই কেটেছে বিএনপি নেতাকর্মীদের। তারা ফ্যাসিবাদী সরকারের পতনের দাবিতে আন্দোলনে অবিচল ছিলেন। অবশেষে চব্বিশের গণ-অভ্যুত্থানের পর দেশ নতুন এক রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে।
আওয়ামী লীগ রাজনীতির বাইরে চলে যাওয়ায় বিএনপি’র সামনে অবারিত সুযোগ এসেছে নিজেদের নতুন করে জনগণের সামনে উপস্থাপনের। চারবার রাষ্ট্র ক্ষমতায় থাকা বিএনপি এমন একটি সময়ে সাতচল্লিশে পা রাখছে, যখন দীর্ঘ দেড় যুগের ঘোর অমানিশা কাটিয়ে রাষ্ট্র ক্ষমতা হাতছানি দিচ্ছে। তবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানোত্তর রাজনৈতিক বাস্তবতায় বিএনপি’র সামনে বেশ কিছু চ্যালেঞ্জও তৈরি হয়েছে। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রেখে অন্তর্বর্তী সরকারের আমলে একটি নিরপেক্ষ সংসদ নির্বাচন আদায় করাটাই মুখ্য চ্যালেঞ্জ।
পাশাপাশি দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্কের টানাপড়েন দলটিকে দ্বিধায় ফেলেছে। তরুণ ভোটারদের আস্থায় আনা এবং ‘জুলাই সনদ’র ঘোষণা ও কার্যকর করা অন্যতম চ্যালেঞ্জ।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *