ভারতের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ

টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত। সাম্প্রতিক পরিসংখ্যানই তাদের শক্তিমত্তার প্রমাণ-২০২৪ সাল থেকে খেলা ৩৫ ম্যাচের ৩২টিতেই জিতেছে সূর্যকুমারের দল। তবে নির্দিষ্ট দিনে বাংলাদেশ যে কাউকে হারাতে পারে, সেটি প্রতিপক্ষও জানে। শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর শুরু করা লিটন দাসের দল আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সেই আত্মবিশ্বাস নিয়েই নামবে মাঠে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। সব পরিসংখ্যান ভারতের পক্ষে থাকলেও, কোচ ফিল সিমন্সের সুরে বাংলাদেশও আশাবাদী। তিনি বলেন, ‘প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। ভারত আগে কী করেছে সেটি নিয়ে আমরা ভাবছি না। নতুন ম্যাচে আমরা সেরাটা খেলতে চাই।’

বাংলাদেশের একাদশে পরিবর্তন আসতে পারে। ওপেনিংয়ে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের খেলা প্রায় নিশ্চিত। তিনে থাকবেন লিটন দাস, তবে তার চোটের কারণে শেষ মুহূর্তে নুরুল হাসান সোহানও সুযোগ পেতে পারেন। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী ও জাকের আলি অনিকের অবস্থানও প্রায় নিশ্চিত।

স্পিন বিভাগে প্রতিপক্ষের বাঁহাতি ব্যাটারদের কথা বিবেচনায় নাসুম আহমেদ ও শেখ মেহেদী খেলবেন বলেই ধরে নেওয়া হচ্ছে। ফলে রিশাদ হোসেনের ফেরার সম্ভাবনা কম। পেস আক্রমণে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে ফেরার সম্ভাবনা রয়েছে তানজিম হাসান সাকিবের। শরিফুল ইসলাম বাদ পড়তে পারেন।

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ১৭ বার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ, জয় এসেছে মাত্র একবার-২০১৯ সালে ভারত সফরে। এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে দুই দল ১৫ বার লড়েছে, বাংলাদেশ জিতেছে কেবল দু’বার।

সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক/উইকেটরক্ষক)/নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *