আবিদ-উমামা ও কাদেরের নানা অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর প্রার্থীরা বিভিন্ন অসঙ্গতির কথা তুলে ধরেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, উমামা ফাতেমা ও আব্দুল কাদের।

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ডাকসু নিয়ে নানা অভিযোগের সার্বিক অগ্ৰগতি জানতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে মিটিং শেষে এক সংবাদ সম্মেলনে তারা নানা অভিযোগের কথা জানান।

আব্দুল কাদের জানান, নির্বাচন কমিশন নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে নির্বাচনের দিন সবকিছু স্বচ্ছভাবে হবে। কিন্তু নির্বাচনের দিন ফোন করে যেসব সমস্যা জানান, সেগুলোর সমাধান হয়নি। তিনি বলেন, “আমরা কোনো প্রতিবাদ বা মিছিল করিনি। আমাদের মূল উদ্বেগ নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে।”

কাদের আরও বলেন, “ব্যালট পেপারসহ গুরুত্বপূর্ণ নথি অরক্ষিত অবস্থায় পাওয়া গেছে। ভোটার উপস্থিতি সম্পর্কেও আমাদের শঙ্কা রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের অনিহা শিক্ষার্থীদের মনে অবিশ্বাস সৃষ্টি করছে। আমরা চাই না প্রশাসনের সুনাম ক্ষুণ্ণ হোক।”

ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন, “৯ সেপ্টেম্বরের ডাকসু নির্বাচন বাংলাদেশের শিক্ষার্থীদের ইতিহাসে গুরুত্বপূর্ণ। প্রায় ৪৫০ প্রার্থী ও হল পর্যায়ের প্রতিনিধিরা নানা অভিযোগ জানিয়েছে। ব্যালট পেপার গাউসুল আজম মার্কেটে পাওয়া গেছে, তাতে কোনো ব্যাখ্যা নেই। ভোটার উপস্থিতি তালিকা প্রকাশের দাবিও উপেক্ষা করা হয়েছে।”

তিনি বলেন, “জহুরুল হক হল ও মুজিব হলে প্রদর্শিত ভোটার উপস্থিতি বাস্তবে অনুপস্থিত ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশ্ন এড়ানোর চেষ্টা করছে। আমরা দাবি করেছি, অতিদ্রুত এসব বিষয়ের সঠিক উত্তর প্রদান করা হোক।”


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *