মুশফিকের মাইলফলক ছোঁয়ার সম্ভাবনা বাড়িয়ে দিল আয়ারল্যান্ড

বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছিল দুটি টেস্ট খেলতে। ক্রিকেট আয়ারল্যান্ড বাধ সেধেছিল। সফরকারীদের চাওয়া ছিল একটি টেস্ট, সঙ্গে ওয়ানডে। বিসিবি রাজি না হওয়ায় আইরিশরা মেনেও নিয়েছে। আগামী নভেম্বরেই দুটি টেস্ট খেলতে আসবে ইউরোপের দেশটি।

দুটি টেস্টের এই সিরিজটি মাঠে গড়ালে এবং দুটিতেই মুশফিকুর রহিম খেলতে পারলে বড় একটি রেকর্ড গড়া হবে তার। টাইগার ব্যাটারের ঝুঁলিতে এখন ৯৮ টেস্ট। আইরিশদের বিপক্ষে দুটি খেললে শততম টেস্ট ঘরের মাঠে খেলার সুযোগটাও পাবেন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার। এই মাইলফলক ছোঁয়ার সম্ভাবনা আয়ারল্যান্ডই বাড়িয়েছে। সিরিজে একটি টেস্ট খেলতে চেয়ে সম্ভাবনা কমিয়েওছিল।

সবকিছু ঠিকঠাক থাকলে অভিজ্ঞ এই ব্যাটার তার ১০০তম টেস্ট খেলতে যাচ্ছেন শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১৯ নভেম্বর। এর আগে দুই দলের প্রথম টেস্ট ১১ নভেম্বর সিলেটে মাঠে গড়াবে।

সাদা পোশাকে আগে থেকেই বাংলাদেশের সর্বোচ্চ ম্যাচ খেলা ক্রিকেটার মুশফিক। লর্ডসে মাত্র ১৮ বছর বয়সে ২০০৫ সালে টেস্টে তার অভিষেক হয়েছিল। সর্বাধিক ম্যাচের মতো টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানও এসেছে মুশফিকের ব্যাটে। ৯৮ ম্যাচে ৩৮.১২ গড়ে তিনি ৬৩২৮ রান করেছেন। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার অপরাজিত করা ২১৯ রান টেস্টে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *