বাংলাদেশ দল নিয়ে বুলবুলকে যে পরামর্শ দিলেন গম্ভীর

এশিয়া কাপের পর্দা নেমেছে গতকাল (২৮ সেপ্টেম্বর)। শিরোপা জিতেছে ভারত। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। খেলা শেষে বাংলাদেশ দল নিয়ে পরামর্শ দিয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।

 

বুলবুল জানান, “একটা ভালো সুযোগ ছিল আমাদের ফাইনাল খেলার। যোগ্যতাও ছিল। তবে সামনে এগিয়ে যেতে হবে। দলটা নতুন, প্রতিদিন উন্নতি করছে। গৌতম গম্ভীর আমাকে একটি পরামর্শ দিয়েছে-আমাদের ব্যাটিং নিয়ে যেন আরও কাজ করা হয়। আমিও তার সঙ্গে একমত।”

গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারালেও ভারত ও পাকিস্তানের বিপক্ষে জয়ের সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। এ নিয়ে বুলবুল বলেন, “আমরা দ্বিতীয় রাউন্ডে যেভাবে এসেছি, শ্রীলঙ্কার সঙ্গেই জিতেছি। এরপর ভারত-পাকিস্তান-দুটো ম্যাচেই জেতা উচিত ছিল। আফসোস নেই। পারফরম্যান্সে আমি গর্বিত।”

গত কয়েক মাসের পারফরম্যান্স নিয়েও আত্মবিশ্বাসী বিসিবি সভাপতি। তিনি বলেন, “গত চার মাসে ইউএই-তে পাকিস্তানের কাছে হেরেছি। এরপর শ্রীলঙ্কার সঙ্গে ঘুরে দাঁড়িয়েছি, পাকিস্তান-নেদারল্যান্ডসের বিপক্ষে হোম সিরিজ জিতেছি। সামনে আফগানিস্তান সিরিজ আছে। এটা হবে ২০২৬ বিশ্বকাপের ভালো প্রস্তুতি। ভুলগুলো যেন আর না হয়, সেটাই এখন লক্ষ্য।”

ইউএই সফরে ক্রিকেটারদের সঙ্গে দেখা করার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন তিনি। “এখানে এসেছি কয়েক ঘণ্টার জন্য। আবার চলে যাব। এর মধ্যে খেলোয়াড়দের সঙ্গে একটু দেখা হয়েছে। তারা প্রস্তুতি নিচ্ছে,” যোগ করেন বুলবুল।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *