খেলা ডেস্ক:
আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫
বিপিএল ইতিহাসের সফলতম দল হিসেবে তো বটেই, আরেকটি কারণে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ক্রিকেটপ্রেমীদের মনে রাখার কথা। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে কুমিল্লাই প্রথম দল, যারা টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছে।
এই কীর্তিতে গতকাল রাতে যুক্ত হয়েছে আরেকটি নাম—ওভাল ইনভিন্সিবলস। লর্ডসে দ্য হানড্রেডের ফাইনালে কাল জো রুট-মার্কাস স্টয়নিসদের ট্রেন্ট রকেটসকে ২৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্যাম কারেন-অ্যাডাম জাম্পাদের ওভাল। ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে লন্ডনের ফ্র্যাঞ্চাইজিটি ২০২৩ ও ২০২৪ সালেও শিরোপা জিতেছিল।
এশিয়া মহাদেশের শীর্ষ ধনী আম্বানি পরিবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যেখানেই হাত দেয়, সেখানেই সোনা ফলে—এ রকম একটা কথা প্রচলিত আছে। কথাটি যে অমূলক নয়, তা গত রাতে আরেকবার প্রমাণিত হয়েছে।
আইপিএল দিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যাত্রা শুরু করা আম্বানিদের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড দক্ষিণ আফ্রিকার এসএ২০, সংযুক্ত আরব আমিরাতের আইএলটি২০, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) পর এ বছরের জানুয়ারিতে ৬ কোটি পাউন্ডে (৯৮৩ কোটি ৮৫ লাখ টাকা) দ্য হানড্রেডের দল ওভাল ইনভিন্সিবলসের ৪৯% মালিকানা কেনে।

Leave a Reply